দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত ‘এ’ দলের কাছে ৩১ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ নারী ‘এ’ দলের। হংকংয়ে মংককে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৯৬ রানে থামে বাংলাদেশ।
সকালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিং জুটিতে ২৮ রান তোলে অধিনায়ক শোয়েতা শেরওয়াত ও ইউ ছেতরি। শোয়েতার ব্যাট থেকে আসে ২০ বলে ১৩ রান। ছেতরি করেন ২০ বলে ২ বাউন্ডারি ও এক ছক্কায় ২২ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ (২৫) রানের ইনিংস খেলেন তিনে ব্যাট করতে নামা দিনেশ ভ্রিন্দা। এছাড়াও ২৩ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত ৩০ রান করেন কণিকা আহুজা।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। একটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানেই ওপেনার দিলারা আক্তারের উইকেট হারায় বাঘিনীরা। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি করেন ৭ বলে ৫ রান।
এরপর দ্রুত ফিরে যান আরেক ওপেনার সাথী রাণীও। তিনে আসা সোবহানা মোস্তারি চেষ্টা করেছিলেন দলের হাল ধরার। তার ব্যাট থেকে আসে দুই বাউন্ডারিতে ২২ বলে ১৬ রান। অধিনায়ক লতা মন্ডলও পারেনি ব্যাট হাতে কিছু করতে। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ১৭ রান করে অপরাজিত থাকেন নাহিদা আক্তার।
ভারতের হয়ে চারটি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। তিনটি উইকেট নেন মান্নাত কেশ্বাপ।