দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোববার থেকে জিম্বাবুয়েতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা পেতে হলে পেরিয়ে আসতে হবে এই বাছাইপর্বের কঠিন পরীক্ষা।
দুটি গ্রুপে ১০ দলের এই বাছাই পর্বে রয়েছে ওয়েস্ট-ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো বিশ্বকাপ জয়ী দুই দল। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক জিম্বাবুয়ে। ‘বি’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, আরব আমিরাত ও শ্রীলঙ্কা।
উদ্বোধনী দিনে হারারের দুটি মাঠে রয়েছে দুটি ম্যাচ। একটিতে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে। অন্যটিতে লড়বে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট-ইন্ডিজ।
দশ দলের এই বাছাই পর্বের পর্দা নামবে আগামী ৯ জুলাই। ফাইনালে খেলা দুই দল টিকিট পাবে মূল বিশ্বকাপের।
বিশ্বকাপের সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আট দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে বিশ্বকাপে।
যদিও এখনও বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে আইসিসি জানিয়েছে আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। পর্দা নামবে ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে।