দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোনালদোর ইতিহাস গড়ার দিনে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তুরস্কের বিপক্ষে মাঠে নেমে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ আসরে অংশগ্রহণের রেকর্ডও চেক প্রজাতন্ত্রের বিপক্ষ প্রথম ম্যাচে নিজের করে নিয়েছেন।
শনিবার (২২ জুন) বিভিবি স্তাদিওন ডর্টমুন্ডে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই আসরের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছে পর্তুগাল। তুরস্কের পক্ষে বের্নার্দো সিলভা এবং ব্রুনো ফার্নান্দেজ গোল করেন। বাকি গোলটি তুরস্কের সামেত আকায়েদিনের আত্মঘাতী। এই ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের করা তৃতীয় গোলটিতে সহায়তা করে ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ অ্যাসিস্ট করা খেলোয়াড় বনে গেছেন রোনালদো। দিনের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া ১-১ গোলে ড্র করায় শেষ ষোলোয় জায়গা করে নেয়ার সুযোগ টিকে আছে তুরস্কেরও।
বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই তুরস্কের গোলপোস্টে ডি-বক্সের বাইরে থেকে শট নেন রোনালদো। কিন্তু দুর্বল শট সহজেই আটকে দেন গোলরক্ষক আতলাই বায়িন্দি। অষ্টম মিনিটে রোনালদোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ম্যাচের ২১ মিনিটে পর্তুগালকে লিড নেয়া থেকে আর আটকাতে পারেনি তুরস্ক। নুনো মেন্ডেসের বাড়ানো বল ধরে জালে জড়ান বের্নার্দো সিলভা। পর্তুগালের হয়ে বড় কোনো টুর্নামেন্টে এটাই তার প্রথম গোল। এর আগে দুটি করে বিশ্বকাপ ও ইউরো খেলেও গোলের দেখা পাননি এই ২৯ বছর বয়সী মিডফিল্ডার।
দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। সাত মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওরা। এই গোলে অবশ্য তুরস্কের ডিফেন্ডার সামেত আকায়েদিনের দায়ই বেশি। জোয়াও কান্সেলো রোনালদোর উদ্দেশ্যে লম্বা করে বল বাড়ালে পেয়ে যান আকায়েদিন। বক্সের আশেপাশে রোনালদোকে ঘোরাফেরা করতে দেখে তিনি গোলরক্ষকের উদ্দেশ্যে পাস বাড়ান। কিন্তু ততক্ষণে গোলরক্ষক অনেকটাই এগিয়ে এসেছেন। বল ধরতে তিনি গোলের দিকে ছুটলেও ততক্ষণে বল গোললাইন অতিক্রম করে ফেলেছে।
প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যাওয়া পর্তুগাল তৃতীয় গোলের দেখা পায় ৫৬ মিনিটে। ব্রুনোর কাছে থেকে যখন রোনালদো বল পান তখন সামনে শুধুই গোলরক্ষক। কিন্তু নিজে চেষ্টা না করে রোনালদো পাস বাড়ান অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকা ব্রুনোকে। হালকা করে বল জালে ঠেলে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক।
এটি ইউরোতে রোনালদোর সপ্তম অ্যাসিস্ট। ১৯৮০ সাল থেকে সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী এর চেয়ে বেশি গোলে সহায়তার রেকর্ড নেই আর কারোরই। এর আগে সর্বোচ্চ ৬ গোলে সহায়তা করেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারেল পোভরস্কি। ইউরোতে এই আসরের আগেই সর্বোচ্চ গোলের মালিক বনে গেছেন পর্তুগিজ মহাতারকা। টুর্নামেন্টে মোট ১৪ গোল করেছেন তিনি।
এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর সম্ভাবনা টিকিয়ে রেখেছে তুরস্ক।
এদিন গ্রুপের আরেক খেলায় ১-১ গোলে ড্র করে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে জর্জেস মিকাউতাদজের গোলে এগিয়ে যায় জর্জিয়া। ৫৯ মিনিটে চেক প্রজাতন্ত্রকে সমতায় ফেরান প্যাত্রিক শিক। ২ ম্যাচ শেষে ১ পয়েন্ট করে পাওয়া চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া যথাক্রমে তিন ও চার নম্বরে আছে।
কে