দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনিশ্চয়তার মধ্য দিয়েই যাচ্ছে তামিম ইকবালের ক্যারিয়ার। চলতি বছরের জুলাইতে হঠাত অবসরের সিদ্ধান্ত নেয়া তামিম আবার জাতীয় দলে ফিরলেও থিতু হয়তে পারছেন না। ফিটনেস ইস্যুতে জাতীয় দলের বাইরে লম্বা সময়।
এবার নতুন বছরের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতেও তামিমের না থাকার বিষয় এসেছে। তিনি নিজেই টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। রোববার এমনটাই জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
জাতীয় দলে আদৌ ফিরবেন কী না সেটি এখনও চূড়ান্ত করতে পারেননি সাবেক এই অধিনায়ক। তবে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়তে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফিরবেন। আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাটিং শুরু করার কথা রয়েছে তার। বিপিএল শেষে জাতীয় দলে ফেরার কথা জানাবেন বললেও শোনা যাচ্ছে, তামিমের নিজেরই আগ্রহ কম আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। হয়তো সেই কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চুক্তিতে না থাকার বিষয়টি তামিম নিজেই জানিয়েছেন বিসিবিকে। জালাল ইউনুস রোববার গণমাধ্যমে বলেছেন, ‘তামিমের ব্যাপারটা হচ্ছে কি, তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে। সে চাচ্ছিল তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করতে যাচ্ছে।’
কেন্দ্রীয় চুক্তি প্রায় চূড়ান্ত জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘নির্বাচকরা এরই মধ্যে এটা নিয়ে বসেছিল। আমার সঙ্গেও মিটিং হয়েছে। পরে এটা নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে। আশা করছি, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করব যেটা বোর্ডের কাছে দিব। এর আগে বোর্ড প্রেসিডেন্টের কাছে দিতে হবে উনি একটু দেখবেন।’
গত ২০২৩ মৌসুমে ২১ ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি করেছিল বিসিবি। গতবারের কেন্দ্রীয় চুক্তির তালিকায় তিন সংস্করণে ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
টেস্ট ও ওয়ানডের চুক্তিতে ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। শুধু টেস্ট ফরম্যাটের চুক্তিতে ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।
এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। ওয়ানডের চুক্তিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।
এমআর/