দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মতো দলের বিপক্ষে মাত্র ২৬৫ রানের পুঁজি। যে দলটা একদিন পরেই খেলবে এশিয়া কাপের ফাইনাল। তাদের বিপক্ষে একটি-দুটি নয় পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এরমধ্যে ছিলেন একজন নতুন মুখ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিম হাসান সাকিবকে রাখা হয় একাদশে। ব্যাট হাতে ৮ বলে এক চার ও এক ছয়ে ১৪ রানের পর বল হাতেও বুঝিয়ে দেন তিনি কতটা পরিপক্ব।
রোহিত শর্মার মতো ব্যাটারকে বোকা বানিয়ে ইনিংসের প্রথম ওভারেই ফেরান সাজঘরে। এরপর নিজের দ্বিতীয় ওভারেই দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে ফেরান তিলক বর্মাকে। পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে তানজিমই বিশ্বাসটা দিয়েছেন, এই কটা রানও যে জয়ের জন্য যথেষ্ট।
অভিষেক ম্যাচে ভাবলেশহীন তানজিমের অবিশ্বাস্য বোলিং। ৭.৫ ওভারে এক মেডেন আর ৩২ রান দিয়ে নেন ২টি উইকেট। ভারতের মতো দলের বিপক্ষে এতটা আঁটসাঁট বোলিং যে করতে পারে তাকে নিয়ে যেকোনো কোচেরই আশা থাকবে বড় কিছুর।
ভারতের বিপক্ষে ৬ রানে জয়ের পর ঠিক তেমনই চণ্ডিকা হাথুরু সিংহে জানিয়ে দিলেন, এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের দলে থাকার দাবি জানিয়ে রাখল তানজিম সাকিব।
‘এটা বলতে পারি এই ম্যাচ দিয়ে সে বিশ্বকাপ দলে থাকার দাবি তুলল। আমরা চাইছি বিশ্বকাপে ইনজুরি মুক্ত চার পেসার। কারণ, ইবাদত চোটে পড়ে বিশ্বকাপ খেলতে পারবে না।’
দলে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম আর এবাদত হোসেনকে নিয়ে বিশ্বকাপ দলের ‘পেস সেট আপ’ অনেকটাই নিশ্চিত ছিল বিশ্বকাপের জন্য। তবে এবাদত হোসেন ছিটকে পড়ায় ভাবা হচ্ছিল এবাদতের জায়গা পূরণ হবে হাসান মাহমুদকে দিয়ে। এখন সেই জায়গার দাবিদার হয়ে উঠেছেন তানজিম হাসান সাকিব।
হাথুরু সিংহে স্পষ্ট করে কিছু না বললেও অনেকটা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, এবাদতের অভাব পূরণে তানজিম হাসান যোগ্য দাবিদার।
‘আমার বিশ্বাস আমরা যদি বিশ্বকাপে তার ওপর আস্থা রাখি বা দল নির্বাচনের সময় তার কথা ভাবি, সেটা ভুল হবে না। ও দেখিয়েছে ও কী করতে পারে। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে সে। তা ছাড়া সে ভালো ব্যাটিংও করতে পারে।’
কোচ যখন তানজিমকে নিয়ে সন্তুষ্ট, তখন মাত্র এক ম্যাচ খেলা তানজিমকে বিশ্বকাপ দলে দেখলে অবাক হবার কিছু থাকবে না।
এমআর/