দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১১ বছরের আক্ষেপ মিটল বাংলাদেশের। শচীন টেন্ডুলকারের একশতম সেঞ্চুরির ম্যাচে জয় পাওয়ার পর ভারতের বিপক্ষে জয় পাওয়া যেন ভুলতে বসেছিল বাংলাদেশ। সেই আক্ষেপ ফুরিয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৬ রানের জয়ে।
কদিন পরই ভারতের মাটিতে বিশ্বকাপ। অন্য দলগুলো যেখানে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, সেখানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এখনো চলছে পরীক্ষা-নিরীক্ষা। বিশ্বকাপের আগে আরেক দফা পরীক্ষা হবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে ছিটকে পড়ে টুর্নামেন্ট থেকে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা।
এই ম্যাচটা আনুষ্ঠানিকতা হলেও মাথায় যে বিশ্বকাপ! তাই তো বেঞ্চে থাকা ক্রিকেটারদের আধিক্য ছিল এই ম্যাচে। একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সুযোগ পেয়ে যেন সব উজাড় করে দিতে চেয়েছেন টাইগাররা।
এদিন সাকিবও জ্বলে ওঠেন ব্যাটে-বলে। নিজে ৮০ রানের ইনিংসের সঙ্গে নেন ১টি উইকেট। লোয়ার-অর্ডারে টানা ব্যর্থতায় নাসুম উঁকি দিয়েছেন এক ঝলক আলো নিয়ে। ৪৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন, শেখ মেহেদী ২৩ বলে ২৯, অভিষিক্ত তানজিম হাসান সাকিবও খেলেন ৮ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস।
সব মিলে সন্তুষ্ট সাকিব ম্যাচ শেষে বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপের জন্য খুব ভালো একটি দল পেয়েছি আমরা।’
ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন শেখ মেহেদী, নাসুম, তানজিমরা। তাদের নিয়ন্ত্রিত বোলিং ক্ষণে ক্ষণে বদলে দিয়েছিল ম্যাচের রঙ। বিশেষ করে তানজিম সাকিব অভিষেকেই মুগ্ধ করেছেন সাকিবকে।
‘মেহেদী যখন বোলিংয়ে এসেছে, তখন বল করা সহজ ছিল না। শেষ দিকে ও টানা ৫ ওভার বল করেছে। সাকিবকেও (তানজিম) কৃতিত্ব দিতে হবে।’
এবারের এশিয়া কাপে ব্যাট হাতে অনেকটা নিষ্প্রভ ছিলেন সাকিন। ধারাবাহিকভাবে ভালো না করলেও শেষ ম্যাচে এসে দেখা পান বড় রানের। নিজের ব্যাটিং নিয়ে সাকিব বলেছেন, ‘এশিয়া কাপে আমি খুব বেশ ভালো ব্যাটিং করতে পারিনি। আজ আমি থিতু হওয়ার সময় পেয়েছি। প্রথম বাউন্ডারিটি মেরেই ভালো লেগেছে। বল পুরনো হওয়ার পর খেলাটা কঠিন ছিল।’
এমআর/