দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠে কিংবা মাঠের বাইরে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্ধী। দুই দেশের রাজনৈতিক টানাপড়েন আর সীমান্তের কাঁটা তারের বেড়ায় হয়তো আলাদা করা গেছে দুই দেশকে। কিন্তু আবেগ আর অনুভূতিকে তো আর আলাদা করা সম্ভব না। সেই প্রমাণই যেন দিলেন শাহীন আফ্রিদি আর জসপ্রিত বুমরাহ।
রোববার (১০ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। বৃষ্টির কারণে এদিন ম্যাচ শেষ করা যায়নি। কাল থেমে যাওয়া খেলা আজ অনুষ্ঠিত হবে রিজার্ভ ডে’তে।
২৪ ওভারের সময় যখন ঝুম বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় তখন অন্যরকম নজির দেখা যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। হোটেলে ফেরার আগে পেসার জাসপ্রিত বুমরাহকে ডাক দেন শাহিন আফ্রিদি। এ সময় বুমরাহর হাতে একটি উপহারের বাক্স তুলে দেন পাকিস্তানি তারকা পেসার।
পরে জানা যায় বক্সে মোড়ানো শাহীনের ওই উপহার বুমরাহর সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য। এশিয়া কাপের মাঝপথে বুমরাহ দেশে ফিরে যান সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। তাই একটা ম্যাচ খেলতেও পারেননি এই পেসার। ফিরে যখন দলের সঙ্গে যোগ দিয়েছেন তখন পেলেন এই উপহার।
বুমরাহ ও সানজানা দম্পতির প্রথম সন্তান আঙ্গাদ জাসপ্রিত বুমরাহ। সেই সন্তানের জন্য শুভেচ্ছা উপহার দিয়ে শাহিন বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ভাই। নতুন শাহজাদার জন্য ছোট্ট এই উপহার। আল্লাহ যেন ওকে সবসময় খুশি রাখেন এবং সে যেন নতুন বুমরাহ হয়ে ওঠে। শুভকামনা।’
দুজনের ওই মুহূর্তের ভিডিওটি প্রথমে পাকিস্তান ক্রিকেটের ফ্যান পেজে দেওয়া হয়। এরপর তো দুই দেশের সমর্থকেরা শাহীনকে ভালোবাসা জানিয়ে দারুণ সব মন্তব্য করছেন।
উল্লেখ্য, ভারতীয় মডেল ও প্রেজেন্টার সানজানা গানেসানের সঙ্গে ২০২১ সালে বিয়ের পিড়িতে বসেন ভারতীয় পেসার বুমরাহ। আর গত ৪ সেপ্টেম্বর পৃথিবীতে তাদের প্রথম সন্তান আঙ্গাদ। যে কারণে ভারত পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে ছুটি নিয়ে চলে যান স্ত্রীর পাশে থাকতে।
এমআর/