দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিপক্ষে প্রথমবার খেলতে মুখিয়ে ছিল নেপাল। আইসিসির পূর্ণ সদস্য নয় বলে বড় দলগুলোর বিপক্ষে আইসিসি বা এসিসির আসর ছাড়া খেলার সুযোগও পাওয়া যায় না। এবারই প্রথম এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে দলটি। সুযোগ পেয়েই যেন নিজেদের নিংড়ে দিয়েছেন। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংগ্রহ করেছেন ২৩০ রান।
আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও আজ ভারতের বিপক্ষে নামার আগে অধিনায়ক রোহিত পাউডেল বলেছিলেন, নিজেদের সেরাটা দিয়ে লড়বেন ভারতের বিপক্ষে।
ক্যান্ডির পাল্লেকেলেতে আজ দুপুরে টস জিতে কোনো কারণ ছাড়াই আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তখন বুঝতে আর বাকি থাকে না, নেপালকে যে অল্প সময়ের মধ্যে অল-আউট করে দিয়ে ম্যাচটা জিতে নিতেই এমন প্ল্যান ভারতের। তবে বেশ কয়েকবার বৃষ্টির বাধায় পড়লেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে নেপালের ব্যাটাররা।
ব্যাট করতে নেমে দুই ওপেনার কুশল ভ্রুটেল ও আসিফ শেখের বেশ কয়েকটা ক্যাচ ছাড়লেও দুজনে স্কোর বোর্ডে যোগ করেন ৬৫ রান। কুশল ২৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৮ রান করে সাজঘরে ফেরেন শার্দুল ঠাকুরের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে।
এরপর ভীম শারকি ৭, রোহিত ৫ ও কুশল মাল্লা ২ রানে ফিরলেও আসিফ খেই হারাননি। ৯৭ বলে ৮ চারে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন মোহাম্মদ সিরাজের বলে দলীয় ১৩২ রানের মাথায়।
এরপরও নেপালের ব্যাটারদের ফেরাতে বেশ কষ্ট করতে হয়েছে ভারতের বোলারদের। গুলশান ঝাঁ ৩৫ বলে ৩টি চারে করেন ২৩ রান। দিপেন্দ্র সিং খেলেন ২৫ বলে ৩ চারে ২৯ রানের ইনিংস।
তবে আট নম্বরে ব্যাট করতে নামা সম্পাল একপাশ আগলে রেখে নাচিয়ে ছাড়েন ভারতীয় বোলারদের। ৫৬ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করে ফিরেন সাজঘরে। এছাড়া সন্দীপ লামিচানে করেন ৯ রান।
শেষ পর্যন্ত ৪৮.২ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ২৩০ রান তুলেছে এশিয়ার নবাগত দলটি। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর।
এমআর/