দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানরা মুখিয়ে আছে আসরে নিজেদের প্রথম খেলার জন্য। অন্যদিকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে খাঁদের কিনারায়। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরে শেষ চারে যাওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে টাইগাররা। আজ আফগানিস্তানের কাছে যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে আর কোনো যদি-কিন্তুর হিসেব থাকবে না। জিতলেই কেবল সমীকরণ আসবে বাংলাদেশের সামনে।
এবারের এশিয়া কাপে ভাওর-পাকিস্তানের পর ‘নাগিন ডার্বি’ খ্যাতি পাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটা জমাতেই পারেনি বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থ হয়েছে টাইগাররা। তাই আজ আফগানদের সঙ্গে ম্যাচটা দাঁড়িয়েছে বাংলাদেশের অস্তিত্বের লড়াইয়ে।
লঙ্কানদের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলা শান্তর ওপর থাকবে স্পটলাইট। সঙ্গে তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমদের উপরও নজর থাকবে প্রতিপক্ষের। তবে ব্যাট হাতে লম্বা সময় ধরে অফ-ফর্মে থাকা সাকিব আল হাসান, মেহেদী মিরাজদের ঘুরে দাঁড়ানোর পালা আজ। এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ওপেনার নাঈম শেখের পরিবর্তে একাদশে রাখা হতে পারে আরেক ওপেনার আনামুল হক বিজয়কে।
অন্যদিকে রশিদ খান, মুজিব উর রহমান কিংবা ফজল হক ফারুকির বোলিং বাংলাদেশকে গত মাসেও নাকাল করেছে। আজ তাই বাড়তি সতর্কতা থাকবে তাদের নিয়ে। সঙ্গে রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরানদের আক্রমণাত্মক ব্যাটিং ভয় ধরিয়ে দিতে পারে বাংলাদেশকে।
আফগান-বাংলাদেশ ম্যাচের ভেন্যু লাহোর দুই দলের জন্যই অচেনা বলা চলে। এর আগে ২০০৮ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের দলে থাকা মুশফিকুর রহিম একমাত্র সদস্য যে কী না আফগানদের বিপক্ষে ম্যাচটিও খেলবেন। অন্যদিকে আফগানিস্তানের জন্য এই ম্যাচটা হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তেমনটা হলেও আফগানিস্তানের মাঠের সঙ্গে পাকিস্তানের উইকেট আর কন্ডিশন অনেকটাই যে মিল আছে সেটি কাল মনে করিয়ে দেন দলটির অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি।
এশিয়া কাপের আগে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারলেও আফগানরা তার আগে বাংলাদেশকে ওয়ানডে সিরিজ হারায় ২-১ ব্যবধানে। বলা যায় বেশ কিছু ক্ষেত্রেই বাংলাদেশের থেকে এগিয়ে আফগানরা। আজকের ম্যাচটা তাই বাংলাদেশের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখা আর আফগানদের জন্য টিকে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): আনামুল হক বিজয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
এমআর/