দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলা হচ্ছিল বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ভারতের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের কন্ডিশন অনেকটা মিল থাকাতেই কিউইদের এই সফরে আসা।
তবে তেমনটা হচ্ছে না। বাংলাদেশ সফরের জন্য অনেকটা দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। পেসার লকি ফার্গুসনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল নিয়েছে ব্ল্যাক-ক্যাপস ক্রিকেট।
এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বলা হয়েছিল প্রস্তুতির জন্য বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। কিন্তু সেবারও দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফর করেছিল কিউইরা।
দলের নিয়মিত খেলোয়াড় টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের দেওয়া হয়েছে বিশ্রাম। কেইন উইলিয়ামসন রয়েছেন চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে।
এছাড়া সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে রয়েছেন মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম। দলের একমাত্র নতুন মুখ ডিন ফক্সক্রফট।
মূলত ওয়ার্কলোড কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। এ নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, ‘আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র এবং পাকিস্তান সফরও আছে। এর আগে ওয়ার্কলোডে ভারসাম্য আনার জন্য ও অন্যান্য খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগটি নিচ্ছি।’
পূর্বের সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। এরপর ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
এমআর/