দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চোটে জর্জরিত শ্রীলঙ্কার এশিয়া কাপের স্কোয়াড। ১৫ সদস্যের এই দলে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকা স্পিনার। শুধু হাসারাঙ্গা নন, চোটের কারণে নেই তিন পেসার দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্থ চামিরা ও লাহিরু কুমারা। তিনজনই ছিলেন শ্রীলঙ্কার পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। বলা যায় ভাঙা দুর্গ নিয়ে লঙ্কানরা নামতে যাচ্ছে টাইগারদের মোকাবিলায়।
এই তিন পেসারকে নিশ্চিতভাবে মিস করবে শ্রীলঙ্কা। তবে দলে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা মাহেষ থেকসানা। এছাড়াও ব্যাক-আপ পেসাররা যদি ভালো করে ফেলেন তবে হাঁফ ছেড়ে বাঁচবে লঙ্কানরা।
শুধু লঙ্কানরাই বিপদে নয়, বাংলাদেশ দলের অন্যতম পেসার এবাদতকে চোটের কারণে বাদ দিতে হয়েছে শেষ সময়ে। জ্বরের কারণে লিটনকেও বাদ দিতে হয়েছে স্কোয়াড থেকে।

টাইগার অধিনায়ক অবশ্য বলছেন, সব ছাপিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে। তবে নিজেদের অভিজ্ঞতাও বাংলাদেশকে এগিয়ে রাখবে, বিশেষ করে পেসাররা সেটা মনে করিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
‘অভিজ্ঞতার দিক থেকে হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি যেটা বললাম শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কার যারা খেলছে, ওরা মাত্র এলপিএল খেলে এসেছে। যারা পারফর্ম করেছে তারাই এসেছে দলে। আসলে কাউকেই ছোট করার কিছু নেই। ওরাও মুখিয়ে থাকবে ভালো পারফর্ম করার জন্য। আমাদের বোলারদের যেহেতু অভিজ্ঞতা আছে সেটা হয়ত আমরা কাজে লাগাতে পারব। তার মানে এই না কালকের ম্যাচে এটা খুব একটা প্রভাব পড়বে দলের ক্ষেত্রে।’
বিশ্বকাপের বাছাই পর্বে কোনও ম্যাচ হারেনি শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। অন্যদিকে বাংলাদেশ ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে আফগানিস্তানের বিপক্ষে।
দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে অনেকেই ছিলেন দুর্দান্ত। দলের অন্যতম অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার কার্যকরী অফ-স্পিন দিয়ে ঘায়েল করেছেন বাঘা বাঘা ব্যাটারদের। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালো। বিশেষ করে ডিসেম্বরে ভারতের বিপক্ষে তার ম্যাচ জয়ী সেঞ্চুরি তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।
এশিয়া কাপের দলে থাকা শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিসের সময়টা ভালো যাচ্ছে না বলা চলে। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জ্বলে উঠতে পারেননি, এমন কী বিশ্বকাপ বাছাইপর্বেও না। ওয়ানডে ফরম্যাটে তার ব্যাট থেকে আশানুরূপ পারফরম্যান্স না পেলেও তার প্রতি ভরসা রাখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
সব মিলিয়ে ভাঙাচোরা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কতটা শক্তির প্রমাণ দিতে পারে সেটিই দেখার অপেক্ষা।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
এমআর/