দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর অসাধারণ ফিনিশিংয়ে দুই গোলের ব্যবধান গড়ে বিরতিতে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ, আক্রমণ ও গতিতে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।
হামজা চৌধুরীর ক্রস সামলাতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় সেটি এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় সোমের সামনে। তার প্রথম শট প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় আর ভুল করেননি তিনি। বল জালে জড়িয়ে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সোম।
এরপরও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিলেন অধিনায়ক হামজা চৌধুরী। রাকিবের চমৎকার পাস থেকে বল পেয়ে শট নেওয়ার প্রস্তুতি নিলেও সামনে বাধা হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। পরে ব্যাকহিল শটে গোল করার চেষ্টা করেও সফল হননি তিনি।
ম্যাচের ৩৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। ডান দিক থেকে আসা দুর্দান্ত ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল হতে পারত। তবে বলের নাগাল পাননি শ্রীলঙ্কার কোনো ফুটবলার।
এরপর ম্যাচের ৪৪ মিনিটে নিজের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে দ্রুত এগিয়ে যান তিনি। পথে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া জোরালো শট ঠেকাতে পারেননি গোলরক্ষক সুজন পেরেরা। তার শরীরে লেগে বল জড়িয়ে যায় জালে। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধের পরিসংখ্যানেও বাংলাদেশের আধিপত্য স্পষ্ট। শ্রীলঙ্কার গোল লক্ষ্য করে প্রথম ৪৫ মিনিটে মোট ১০টি শট নিয়েছে বাংলাদেশ, যার তিনটি ছিল লক্ষ্যে। এর মধ্যে দুটি থেকেই এসেছে গোল। অন্যদিকে শ্রীলঙ্কার তিনটি শটের একটিও লক্ষ্যে ছিল না।
এমজে