দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপ খেলতে রোববার (২৭ আগস্ট) কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে পেসার এবাদত হোসেন চোটের কারণে ছিটকে পড়া ছাড়া আর কোনো ঝামেলা হয়নি ১৭ সদস্যের টাইগার স্কোয়াডে। তবে এই স্কোয়াডে কারা আছে এ নিয়ে খুব একটা আলোচনা না হলেও দল ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু মাহমুদউল্লাহ রিয়াদের দল থেকে বাদ পড়া।
সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম, কোথায় ছিলেন না রিয়াদ? তাকে দলে না রাখার জন্য হয় মানববন্ধন। কয়েকটি টেলিভিশন চ্যানেলেও ফলাও করে বিজ্ঞাপন দিতে দেখা গেছে, রিয়াদকে দলের ফেরানোর মানববন্ধন নিয়ে। এছাড়া মুখরোচক সংবাদ পরিবেশন তো ছিলই।
এসবে একটুও নড়চড় হয়নি বাংলাদেশ দলের নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্তের। আজ শনিবার এশিয়া কাপ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ হাথুরুসিংহে।
এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একদিন আগে থেকেই বিজ্ঞাপন দিতে দেখা গেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে। সেখানে দাবি করা হয়, রিয়াদকে কে বাদ দিয়েছে এ বিষয়ে জানাবেন হাথুরু কিংবা সাকিব।
অথচ সংবাদ সম্মেলন শুরু হওয়ার পরই পাল্টে যায় দৃশ্যপট। বিজ্ঞাপন দেওয়া সেসব গণমাধ্যমের কেউই ‘মাহমুদউল্লাহ রিয়াদ’ নামটাও উচ্চারণ করেনি! এমন পরিস্থিতি দেখে সমর্থকদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা।
সংবাদ সম্মেলনে রিয়াদকে নিয়ে প্রশ্ন করা না হলেও ‘তামিমকে কতটা মিস করবেন অধিনায়ক সাকিব আল হাসান’ এমন প্রশ্নে সাকিব বেশ কৌশলী উত্তর দিয়েছেন।
‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে থেকে তারা কতটুকু কন্ট্রিবিউট করে, এটার ওপর নির্ভর করে অনেক কিছু। অবশ্যই অভিজ্ঞ ক্রিকেটারের দাম আছে। অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে এবং বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে জানা যায়। একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন নিজের অভিজ্ঞতা শেয়ার করে তখন সেটা সবার জন্য সুবিধা হয়, বিশেষ করে নতুনদের জন্য।’
তবে সাকিব, রিয়াদ, সৌম্যদের নিয়ে আটজনের একটা দল করে আলাদা ক্যাম্প করছে বিসিবি। বলা হচ্ছে ব্যাক-আপ খেলোয়াড় বিবেচনায় তাদের রাখা হয়েছে বিশেষ এই ক্যাম্পে।
এমআর/এইউ