দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বয়সভিত্তিক ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন তানজিদ হাসান তামিম। খেলেছেন ঘরোয়া লিগগুলোতে। এক এক করে সব ধাপ পেরিয়ে তানজিদ হাসান তামিমের সামনে অপেক্ষা জাতীয় দলের জার্সিতে দেশকে তুলে ধরার।
চোটের কারণে তামিম ইকবাল এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোয় তানজিদ হাসান তামিমকে নেওয়া হয় চূড়ান্ত স্কোয়াডে।
গত মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া যুব এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেন তানজিদ। গ্রুপ পর্ব আর সেমি-ফাইনাল মিলে মোট চারটি ম্যাচের তিনটিতেই খেলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস (৫১, ৬৮, ৯, ৫১)।
তাই তো তামিমকে নিয়ে বেশ আশা দলনেতা সাকিব আল হাসানের। এশিয়া কাপের বিমান ধরার আগে শনিবার সংবাদ সম্মেলনে তানজিদকে নিয়ে সাকিব বলেন, ‘আমি তাকে নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না, পুরো দলই ওকে নিয়ে আশাবাদী ও অনেক ভালো খেলবে।’
তামিমকে যেন এক দুই ম্যাচ দেখে ছেঁটে ফেলা কিংবা হিরো বানিয়ে দেওয়া না হয় এ নিয়ে সাকিব বলেন, ‘এমন না যে এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে। সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে।’
এশিয়া কাপের দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের পাঁচ সদস্য রয়েছেন। সাকিব মনে করেন, ওদের বিশ্বকাপ জেতার মানসিকতাই বদলে দিতে পারে দলের মোমেন্টাম।
‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে। ওদের মধ্যে একটা ওয়ার্ল্ডকাপ উইনিং মেন্টালিটি আছে। আমার মনে হয় এটা আমাদের দলকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওদের মধ্যে এমন মেন্টালিটি আছে যে ওরা জিততে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি ওরা এই মেন্টালিটিটা নিয়েই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের পরিবেশটাও ওভাবেই গড়ে তুলবে।’ এশিয়া কাপ খেলতে আগামীকাল রোববার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ।
এমআর/