দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিং চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল চোট কাটিয়ে দলে ফিরেছেন। তবে ওয়ার্কলোড বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের দুই ফরম্যাটে দলের অধিনায়ক শাই হোপকে। আর লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার আলজারি জোসেফ।
এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের পর জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাল বলের ক্রিকেটে অতিরিক্ত শারীরিক ধকল ও চোটের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় জোসেফের সম্মতি ছিল বলেও জানিয়েছে বোর্ড।
সিডব্লিউআই আরও জানায়, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে জোসেফের খেলার সম্ভাবনা পুরোপুরি বাদ দেওয়া হয়নি। তবে বাংলাদেশে পরপর দুটি টেস্টে পেসারদের দীর্ঘ সময় ধরে গতিময় বোলিং করতে হয়, যা সংক্ষিপ্ত ফরম্যাটের তুলনায় বেশি শারীরিক ধকল তৈরি করে।
জোসেফের পরিবর্তে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বের কথা মাথায় রেখে শাই হোপকে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করছে ওয়েস্ট ইন্ডিজ। সে কারণেই তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কেভিন উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। ওই প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন উইকহ্যাম। ৭৮.৬০ গড়ে করেছেন ৩৯৩ রান। এ ছাড়া ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ ৪০.৮৮ গড়ে রান করেছেন তিনি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। নাজমুল হোসেন শান্তর দলের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ, কারণ ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও রয়েছে বাংলাদেশের। অন্যদিকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে আছে ক্যারিবীয়রা।
সূচি অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছানোর পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
এমএস/