দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল মাঠে সাফল্যের প্রায় সব চূড়াই ছুঁয়েছেন লিওনেল মেসি। এবার মাঠের বাইরেও বাড়ছে তাঁর ফুটবল-সাম্রাজ্য। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেন্সের মালিকানা কিনে নিয়েছেন আর্জেন্টিনার এই তারকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে ক্লাবটি।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর স্পেনের দুটি ক্লাবের মালিকানায় যুক্ত হলেন মেসি। এর আগে এপ্রিল মাসে স্পেনের আরেক ক্লাব ইউই করনেল্লার সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনেছিলেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি গত মাসে এলদেন্সের আগের সংখ্যাগরিষ্ঠ মালিক কলম্বিয়ার একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছ থেকে ক্লাবটির সব শেয়ার কেনার জন্য চুক্তি করেন। সেই চুক্তির ধারাবাহিকতায় এবার মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাবটি।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এলদেন্স জানিয়েছে, মেসির মালিকানায় ক্লাবটি নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। শত বছরের বেশি পুরোনো এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে নতুন মালিককে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় ১৯তম স্থানে রয়েছে। সাত ম্যাচে চারটি হার নিয়ে অবনমন এড়ানোর লড়াইয়ে আছে দলটি।
মেসির মালিকানায় এলদেন্সের সামনে এখন মাঠের পারফরম্যান্সেও ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। নতুন মালিকের আগমনে ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চাকাঙ্ক্ষা কোন পথে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।
এমএম/