দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসিয়ান কাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে জয়সূচক গোলটি করেছেন হারহিস স্টুয়ার্ট।
এর আগে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার। সব মিলিয়ে দলটির বিপক্ষে পাঁচবারের দেখায় এখনো জয়হীন বাংলাদেশ। চার হারের বিপরীতে এক ম্যাচে ড্র করেছে তারা। ১৯৭৩ সালে মারদেকা টুর্নামেন্টে প্রথম দেখায় সেই ড্র পেয়েছিল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রাখার চেষ্টা করে দুই দল। তবে প্রথম দিকে গোলের মতো তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কেউই। ১৬ মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে সিঙ্গাপুর। বাঁ দিক থেকে ইলহান ফান্দির নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
কুলিং বিরতির পর ৩৩ মিনিটে আবারও বাংলাদেশকে রক্ষা করেন শ্রাবণ। বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল সিঙ্গাপুর। সেখান থেকে নেওয়া দারুণ শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর, তবে এবার বিপদমুক্ত করেন তারিক কাজী।
তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৩৫ মিনিটে ডান দিক থেকে নুর অ্যাডাম আব্দুল্লাহর বাড়ানো ক্রসে হেড করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হারহিস স্টুয়ার্ট। এবার শ্রাবণের কিছুই করার ছিল না।
বিরতির পর অবশ্য ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায় বাংলাদেশ। ৬৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন শমিত শোম। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের বাড়ানো ক্রসে আনমার্কড অবস্থায় হেড নেন এই মিডফিল্ডার। তবে তার হেড চলে যায় গোলবারের ওপর দিয়ে।
৮০ মিনিটে আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। এবার রাকিবের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
পাঁচ মিনিট পর আরও একটি ভালো আক্রমণ সাজায় বাংলাদেশ। তবে বদলি হিসেবে নামা ফাহমিদুল ইসলাম প্রতিপক্ষের গোলবক্সে থাকা রাকিবকে বল দিতে পারেননি। তার পাস দেওয়ার আগেই এক ডিফেন্ডার বল ক্লিয়ার করে দেন।
দ্বিতীয়ার্ধে ভালো খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের। আসিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।
এমএস/