দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। হামলার ঘটনা নিজেরাই প্রচার করে প্রমাণ রেখে দেওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, শূন্য হাতে দেশে ফিরতে হবে।’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন আসিফ নজরুল।
পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘আওয়ামী লীগের কিছু কর্মীর কাণ্ডকীর্তি দেখে বিস্মিত হই। অভিনেত্রী বাঁধনের ওপর আপনারা এভাবে হামলা করতে পারলেন? নিজেরাই তা ফলাও করে প্রচার করলেন, নিজেরাই অকাট্য সাক্ষী রাখলেন!’
তিনি আরও লেখেন, ‘এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, শূন্য হাতে দেশে ফিরতে হবে। সেটা আপনাদের জন্য ভালো হবে? আপনাদের পরিবারের জন্য বিষয়টা ভালো হচ্ছে?’
আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে আসিফ নজরুল প্রশ্ন তোলেন, ‘ভাই, কার জন্য করেন এসব? নতুন বেশে সজীব ওয়াজেদ জয়কে দেখে? আপনারা সত্যি বিশ্বাস করেন, তার বা তার মায়ের হৃদয় কাঁদে আপনাদের জন্য? সত্যি বিশ্বাস করেন, আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন তারা?’
তিনি আরও প্রশ্ন করেন, ‘সত্যি বিশ্বাস করেন, আপনাদের করুণ পরিণতি হলে কোনো সাহায্য করবেন তারা?’
নিজেকে বিপন্ন করা এবং দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘দলকে ভালোবাসলে আপনারা নিয়মতান্ত্রিকভাবে বিদেশে কাজ করেন।’
শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্তরের মানুষ কেন জীবন বিপন্ন করে রুখে দাঁড়িয়েছিল, তা গোপনে হলেও বোঝার চেষ্টা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলের ‘স্বার্থপর নেতাদের’ প্রশ্ন করতেও বলেন।
সবচেয়ে আগে নিজেদের নিরাপদ রাখার পরামর্শ দিয়ে আসিফ নজরুল লেখেন, ‘২ বছর আগে জেনেভায় আমার বিরুদ্ধে মব করার পর আমার সুযোগ ছিল ব্যবস্থা নেওয়ার। আমি নিইনি। কিন্তু এরপর আপনাদের কেউ কেউ আরও অনেক বেশি নোংরা ও বেপরোয়া হয়েছেন।’
শেষে তিনি বলেন, ‘এসব সহ্য করার মতো নয়।’
/অ