দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্রের আশায় পাসপোর্ট সেবা নিতে গিয়েও রেহাই মিলছে না প্রবাসী বাংলাদেশিদের। দেশটির বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবা প্রদানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর সেন্টারে হঠাৎ অভিযান চালিয়ে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন।
বৈধ নথিপত্র সচল করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এসে খোদ সরকারি সেবাকেন্দ্রের প্রবেশমুখ থেকে এভাবে প্রবাসীদের আটক করার ঘটনায় সাধারণ প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালয়েশিয়া সরকারের চলমান কঠোর ইমিগ্রেশন অভিযানের অংশ হিসেবে এই আকস্মিক তল্লাশি চালানো হয়। তবে পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্ট আবেদন কিংবা ট্রাভেল পাসের মতো অত্যন্ত জরুরি ও সংবেদনশীল সেবা নিতে আসা প্রবাসীদের এমন একটি অনুমোদিত রাষ্ট্রীয় সেবাকেন্দ্র থেকে আটক করাকে প্রবাসীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আটককৃত দের মধ্যে অনেকের ই বৈধ ভিসা আছে যারা পাসপোর্ট নবায়ন করতেই এসেছিলেন। আটকৃতদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মালয়েশিয়ায় থাকা সাধারণ বাংলাদেশিরা বলছেন, অনেক কর্মীই নিয়োগকর্তার অবহেলা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে সময়মতো ভিসা বা পাসপোর্ট নবায়ন করতে পারেন না। তারা যখন নিজেদের বৈধ করার আশায় হাইকমিশন নির্ধারিত সেবাকেন্দ্রে বা পাসপোর্ট অফিসে আসেন, তখন সেখানেও যদি তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি না থাকে, তবে প্রবাসীরা কোথায় যাবেন? সেবা নিতে যাওয়ার স্থানও অভিযানের আওতায় পড়া সত্যিই গভীর ভাবনার এবং চরম উদ্বেগজনক বিষয়।
সাধারণ প্রবাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হাইকমিশনের নিজস্ব বা অনুমোদিত সেবাকেন্দ্র প্রাঙ্গণগুলোতে অন্তত সাধারণ প্রবাসীদের আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেখানে ইমিগ্রেশনের এ ধরনের অভিযান বন্ধে বাংলাদেশ দূতাবাসের অবিলম্বে মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা জরুরি।
আইনি জটিলতায় পড়া প্রবাসীরা যাতে কোনো হয়রানি বা আতঙ্ক ছাড়া তাদের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে ব্যাপারে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।
এ বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জানান, কতজনকে আটক করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। আমরা মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। বিস্তারিত তথ্য পেলেই জানানো হবে।
কেএম