দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিত ও আহত করার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে ইতালি বিএনপি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
বুধবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম।
লিখিত বক্তব্যে ইতালি বিএনপি দাবি করে, ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত ও আহত করেছেন।
বক্তব্যে বলা হয়, প্রবাসের মাটিতে একজন নারী, মুক্তচিন্তার প্রতীক ও গণআন্দোলনের কর্মীর ওপর এ ধরনের হামলা নিন্দনীয়। মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা ও রাজনৈতিক সহনশীলতা যেকোনো গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি।
ইতালি বিএনপি আরও দাবি করে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পরও প্রবাসে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের তৎপরতা প্রমাণ করে, তারা এখনো হিংসাত্মক রাজনীতি থেকে সরে আসেনি।
সংবাদ সম্মেলন থেকে ইতালির স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, প্রবাসে প্রতিটি নাগরিকের নিরাপদে বসবাস ও শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কোনো ধরনের হুমকি বা সহিংসতা প্রবাসের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, সহসভাপতি সাজ্জাদুল কবির, মইনুল আলম খোকন এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএম/