দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুবাইয়ে অনুষ্ঠিত আবুধাবি ডায়ালগ ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। একই দিনে তিনি সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশনমন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুলমান্নান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।
আবুধাবি ডায়ালগে বক্তব্যে ড. আসিফ নজরুল এই প্ল্যাটফর্মকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসনের জন্য একটি কার্যকর ও বিশ্বস্ত উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ এবং প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের পাশাপাশি গন্তব্য দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে কিছু কর্মী এখনো শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর যৌথ উদ্যোগে সমাধান করতে হবে।
তিনি সরকারের সাম্প্রতিক উদ্যোগ হিসেবে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সেবা জোরদার, আন্তর্জাতিক মানে দক্ষতা প্রশিক্ষণ উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের কথা তুলে ধরেন। একই সঙ্গে নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কাজ ও মানবিক মর্যাদা রক্ষায় অভিন্ন অঙ্গীকারের ওপর গুরুত্ব দেন।
মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. আসিফ নজরুল দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ, বিশেষ করে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসাসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের অনুরোধ করেন। ভিসা সীমিতকরণ নীতির কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে আমিরাতে শ্রমিক প্রবাহ কমে যাওয়ার বিষয়টিও তিনি বৈঠকে তুলে ধরেন।
এর আগে ৩১ জানুয়ারি তিনি পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব আলোচনায় শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ ও অভিবাসী কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
গত ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটিতে আবুধাবি ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা শুরু হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, জ্যেষ্ঠ কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবার প্রথমবারের মতো ইসলামী সহযোগিতা সংস্থার লেবার সেন্টারের প্রতিনিধিরাও এতে যুক্ত হন।
বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক নিয়োগ, অভিবাসী সুরক্ষা, দক্ষতার স্বীকৃতি ও গন্তব্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে প্রবাসী কর্মীদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছে। আবুধাবি ডায়ালগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ এই আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এমএস/