দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন মিটিংয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য শ্রমবাজারের সুযোগ ও ভিসা নীতি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
ড. আসিফ নজরুল ওমান সরকারের অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের উদ্যোগের প্রশংসা করেন এবং অনুরোধ জানান, বাংলাদেশি দক্ষ কর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক, নার্সরা যাতে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে। এছাড়া তিনি অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য স্থগিত থাকা ভিসা নীতির পুনর্বিবেচনার জন্যও মন্ত্রীর সহযোগিতা চান।
ওমানের শ্রমমন্ত্রী জানান, ২০২৩ সালে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল, যাতে বিদ্যমান অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসী কর্মীদের নিয়মিতকরণের প্রাধান্য দেওয়া যায়। তিনি আশ্বাস দেন যে, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে।
ড. আসিফ নজরুল বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনি সংস্কার, দক্ষতা যাচাই, প্রাক-গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে শ্রমিকদের সচেতনকরণসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগও ওমানের মন্ত্রীকে অবহিত করেন।
উপদেষ্টা চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (JTC) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এমএস/