দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির সিসিলি অঞ্চলের কাতানিয়া শহরে এক বাংলাদেশি মায়ের বিরুদ্ধে তার পাঁচ মাস বয়সী শিশু কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশের দ্রুত হস্তক্ষেপে শিশুটি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। ঘটনাটি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, কাতানিয়ার সান ক্রিস্তোফোরো এলাকায় বসবাসরত ওই নারী সোমবার হঠাৎ করে নিজের শিশুকে ক্ষতি করার উদ্দেশ্যে ঘরের দরজা বন্ধ করে দেন। বিষয়টি বুঝতে পেরে তার বোন জরুরি নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কারাবিনিয়ারি বাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ঘরের ভেতর শিশুটিকে গুরুতর ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে মায়ের কাছ থেকে আলাদা করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার আগে অভিযুক্ত মা পরিবারের সদস্যদের কাছে কয়েকটি উদ্বেগজনক বার্তা পাঠিয়েছিলেন, যা থেকে তার মানসিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ ও পারিবারিক জটিলতার কারণেই তিনি এমন পদক্ষেপ নিতে পারেন।
ঘটনার পর অভিযুক্ত নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তার মানসিক স্বাস্থ্য মূল্যায়নসহ আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ইতালির আইনে শিশু নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।
এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি সমাজে অভিবাসী পরিবারগুলোর মানসিক স্বাস্থ্য সহায়তা ও শিশু সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।
এমএস/