দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিরোধী দলের লংমার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত লংমার্চে দলটির নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ নেই। বিরোধী দলের নেতারা আশা করেছিলেন, সড়কের দুই পাশে জনতার ঢল নামবে এবং জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচে পড়া ভিড়ে এগোতে পারবে না। তবে লংমার্চে দেশি-বিদেশি বিনিয়োগের পরও জামায়াত নেতৃত্বাধীন জোট সাধারণ মানুষকে টানতে পারেনি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সাধারণ মানুষ বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ছয় মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা ‘মূর্খতার শামিল’।
রাশেদ খাঁন আরও বলেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বিরোধী দলের ছয় দফা দাবিতে জনগণের কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।
লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে দাবি করেন রাশেদ খাঁন। তার দাবি, এতে প্রায় এক লাখ লিটার তেল অপচয় হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের লংমার্চের কারণে এসব যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে।
রাশেদ খাঁনের অভিযোগ, ‘সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের ওপর একপ্রকার জোরপূর্বক লংমার্চ নামক আন্দোলন চাপিয়ে দিয়েছে জামায়াত।’
/অ