দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বক্তব্যে নিজের মানহানি হয়েছে দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, আদালতের রায় অনুযায়ী ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের আদেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, পিএসসির সুপারিশে ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল। এখন দুদক পিএসসির সুপারিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, ‘সত্যতা উদ্ঘাটনের স্বার্থে সংশ্লিষ্ট নথি যাচাই-বাছাই করতে হবে।’ সকালে একটি অভিযোগ আসার পর সেদিনই কীভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়, সে প্রশ্নও তোলেন তিনি।
দুদকের পুরো প্রক্রিয়াকে ‘পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেন আসিফ মাহমুদ।
নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’—দুদকের মুখপাত্রের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে যে আয়োজন করে তার মানহানি করা হয়েছে, একইভাবে আয়োজন করে বক্তব্য প্রত্যাহার এবং গণমাধ্যমে দেওয়া বক্তব্যও প্রত্যাহারের দাবি জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘মানহানির জন্য ২৪ ঘণ্টার মধ্যে দুদক ক্ষমা না চাইলে মানহানির মামলা করব।’
সরকার নিজেদের দুর্বলতা বা দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্যই বিরোধী মতের বিরুদ্ধে অভিযোগ তুলছে বলেও দাবি করেন তিনি। দলমতকে দমন করার জন্য দুদককে রাজনৈতিকভাবে ব্যবহার করতেই এর সংস্কার বাতিল করা হয়েছিল বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ।
/অ