দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি সরকারের এসব কর্মকাণ্ডকে ‘অসাংবিধানিক’ বলেও মন্তব্য করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকার মহিলা মাদরাসা মাঠে উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভাসহ সব ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। আজ যদি দেশে কোনো দলীয় সরকার না থাকত, তাহলে প্রশাসক নিয়োগের বৈধতা ছিল। কিন্তু এখন দলীয় নির্বাচিত সরকার রয়েছে, তারা এটা করতে পারে না।’
স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া হলে জনগণের ভোগান্তি কমবে বলেও মনে করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়নের পথ থেকে সরে যাচ্ছে। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল, নির্বাচিত সরকার ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে।’
সেপ্টেম্বরে সরকারের ১৮০ দিন পূর্ণ হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশেষ অধিবেশন ডাকবে বলে তারা আশা করছেন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেন, ‘এ দেশে সব বিষয়ক একজন মন্ত্রী রয়েছে। তিনি সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন। জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে বক্তব্য রাখেন। অথচ, তার মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে তার খেয়াল নেই।’
সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সুষম উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় উন্নয়নকাজ তদারকির দায়িত্ব সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দেওয়ার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের খাটো করা হচ্ছে। বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য থাকায় সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকাতেও তাদের তদারকির দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
এর আগে উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমএম/