দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রত্যাশার চেয়ে বেশি প্রত্যাশা করলে বিপদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। এ বিষয়ে রাজনীতিবিদ, নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ফেনী আমার ফেনী’ সংগঠনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনের পর রাজনীতিবিদদের প্রতি মানুষের ধারণায় পরিবর্তন এসেছে। এই ধারণা পরিবর্তনের দায়িত্বও রাজনীতিবিদদের। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।
তিনি বলেন, সরকারের ছয় মাসের মাথায় মানুষের জন্য অনেক কিছু করে ফেলার প্রত্যাশা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়েই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ১৭ বছরের মামলা, হামলা, অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পাওয়ার পর স্বাভাবিক জীবনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটিকে বাস্তবতার জায়গা থেকে বিবেচনা করতে হবে। সেই প্রত্যাশা ধরে রাখতে না পারলে বিপদ আবারও ফিরে আসতে বেশি সময় লাগবে না।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিগত দিনে দেশের তিন পাশের দেশ থেকে বাংলাদেশ প্রত্যাশিত সহযোগিতা পায়নি। বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ভালো হওয়া উচিত ছিল। অথচ গত ১৭ বছর শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুছি রফিকুল আলম মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ ফেনী ও বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ।
এমএস/