দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিএনপির রাজনীতির বর্ষিয়ান নেতা, ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনের অন্যতম অভিভাবক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ, সাবেক প্রতিমন্ত্রী এবং পাঁচ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ পরিবার-পরিজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তির মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অ্যাডভোকেট হারুন আল রশীদ ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নে। দীর্ঘদিন তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ার নিজ বাসভবনে বসবাস করেছেন। আইন পেশা থেকে রাজনীতিতে এসে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন জনমানুষের নেতা হিসেবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে তিনি ছিলেন এক নির্ভরতার নাম। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের জুন এবং ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করেন।
রাষ্ট্র পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অ্যাডভোকেট হারুন আল রশীদের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল জানান, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা ও বাদ আসর নয়া পল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ২য় জানাযা অনুষ্ঠিত হবে। তারা আরো জানান, যেহেতু মরহুমের পরিবারের সদস্যরা দেশের বাইরে রয়েছেন। তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উনাদের সাথে আলোচনা করে মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে নামাজে জানাজার সময়সূচী নির্ধারণ করা হবে।
কেএম