দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী, লুটপাটের ও গতানুগতিক ঋণ বাজেট’ বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বিএনপি সরকারের প্রথম এই বাজেটে ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, যা দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
হামিদুর রহমান বলেন, ‘বিশাল ঋণ ও ঘাটতি বাজেট দিয়ে বর্তমান সরকার প্রথম বাজেটেই জাতিকে চরমভাবে হতাশ করেছে। এই বাজেটে সামষ্টিক অর্থনীতি বা কাঠামোগত সংস্কারের কোনো নীতিগত প্রস্তাব নেই। এটি গতানুগতিক আমলাতান্ত্রিক বাজেট ছাড়া আর কিছুই নয়।’
তিনি আরও বলেন, ‘বিশাল এই বাজেটের প্রায় ৭০ শতাংশই ধরা হয়েছে পরিচালন ব্যয় বা সরকারি চলতি খরচ হিসেবে। অনুৎপাদনশীল খাতে এত বড় বরাদ্দ দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এই বাজেট মূলত ধনী শ্রেণির স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হয়েছে, যার ফলে সাধারণ ও নিম্নবিত্ত মানুষ তীব্র অর্থনৈতিক চাপে পড়বে।’ এত বড় ও ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন করা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনোভাবেই সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, আজ দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
কেএম