দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৪ এপ্রিল) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং ডাকসুর নারী নেত্রী জুমার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ঘিরে গুজব ছড়িয়ে হুমকি দেওয়া হয়। পরে তিনি নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেলে জিডি না নিয়ে তাকে আটকে রাখা হয়। বিষয়টি সমাধানে ডাকসু নেতারা থানায় গেলে তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে পুলিশের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণযোগ্য নয় এবং এটি উদ্বেগজনক।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, একই সময়ে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যাতে একাধিক নেতাকর্মী আহত হন। এসব ঘটনা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চেষ্টা বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ রক্ষা করা জরুরি। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এমএস/