দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা–সিলেট মহাসড়কে প্রাণহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে উল্লেখ করে রাস্তাটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে ফ্লোর নিয়ে তিনি বলেন, সড়কটি ঘিরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং তিনি নিজ এলাকায় গিয়ে মানুষের সামনে দাঁড়াতেও বিব্রতবোধ করছেন।
তিনি বলেছেন, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।
তিনি আরও বলেন, আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা প্রায় ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে।
সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই ওই সড়কে তিনজনের মৃত্যু হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কুমিল্লার দেবিদ্বার এলাকায় এ ধরনের দুর্ঘটনা এখন ‘নিয়মিত ঘটনায়’ পরিণত হয়েছে। চলতি মাসেই ওই সড়কে ২৩ জনের মৃত্যু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কুমিল্লা–সিলেট মহাসড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট, যা দুইটি বিভাগীয় শহরকে সংযুক্ত করা একটি প্রধান সড়কের জন্য অপ্রতুল। তার দাবি, চট্টগ্রাম ও সিলেটের মধ্যে যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি হওয়ায় প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এই সড়ক ব্যবহার করেন।
সংসদ সদস্য বলেন, সড়কটি ছয় লেনে উন্নীত করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে অগ্রগতি নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করলে প্রশাসনিক জটিলতার কথা জানানো হয় এবং গত ১২ বছরেও কার্যত কোনো কাজ হয়নি বলে তিনি অভিযোগ করেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
তিনি জানান, সেটিই সবচেয়ে যথাযথ প্রক্রিয়া, যেখানে মন্ত্রী পরে জবাব দিতে পারবেন এবং বিষয়টি কার্যপদ্ধতি অনুযায়ী এগোবে।
জে আই