দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে কোনো অভিযোগ থাকবে না বলে জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। তবে কোথাও পেশিশক্তির প্রয়োগ বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখা হবে, তারা ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী সারজিস।
এ সময় তার বাবা আক্তারুজ্জামান ও ভাই শাহাদাত হোসেন সাকিবও একই কেন্দ্রে ভোট দেন। তারা একসঙ্গে কেন্দ্র প্রাঙ্গণে আসেন, কিছু সময় অবস্থান করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সারজিস আলম সাধারণ ভোটারদের নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন এবং ভোট দেন।
ভোট দেওয়ার পর সারজিস বলেন, উৎসবমুখর পরিবেশে আমি আমার ভোট শাপলা কলি প্রতীকে দিয়েছি এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। আমরা নতুন গণতন্ত্রের আশায় আজ ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন পাব।
তিনি অভিযোগ করেন, গত কয়েক দিনে তার আসনের বিভিন্ন এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী ভোটারদের বাধা দেওয়া, হুমকি দেওয়া ও ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করেছেন। তবে নির্বাচনের দিনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে প্রত্যাশা জানান তিনি।
পঞ্চগড়-১ আসনে ১৫৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে জনগণের রায় মেনে নিতে প্রস্তুত থাকার কথাও জানান সারজিস। তিনি দাবি করেন, গত দেড় বছরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিবেচনা করেই এবার ভোটাররা সিদ্ধান্ত নেবেন এবং এলাকায় “গণজোয়ার” সৃষ্টি হয়েছে।
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪১ জন এবং নারী ভোটার ২ হাজার ৯২৮ জন।
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, যিনি দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে।
জে আই