দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে আসে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। প্রয়োজনে মামলা করা হলেও বলবেন—শফিকুর রহমানের নামেই মামলা করুন।
শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের নিরাপত্তা ও সম্মানের কোনো গ্যারান্টি নেই। আমরা চাই ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবে।’
ডা. শফিকুর রহমান যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনে যুবকদের অংশগ্রহণ না থাকলে ২০৪১ সাল পর্যন্ত দেশের ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব হতো না। তিনি জানান, আগামী আন্দোলন ও লড়াইও যুবসমাজের হাতে এগিয়ে নেওয়া হবে এবং খুব শিগগিরই দেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি, অর্থপাচার, চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল এবং বৈষম্যহীন উন্নয়ন গড়ে তোলাই জামায়াতের মূল লক্ষ্য। তার মন্তব্য, ‘স্বাধীনতার পর ৫৪ বছরে দেশে বিচারহীনতা বেড়েছে। আমরা চাই এমন একটি বিচার ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষ ও ক্ষমতাসীন সকলেই একই আইনের আওতায় আসবে। অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না।’
জামায়াত আমির বলেন, ‘ভোটের প্রতি সজাগ থাকতে হবে এবং কোনো ভোট কারচুপির সুযোগ দেওয়া হবে না। কেউ যদি ভোট কেড়ে নিতে আসে, তাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। মামলা করলে বলবেন—শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করুন।’
তিনি নারীদের নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘আমরা এমন দেশ চাই, যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবে এবং তাদের সম্মান রক্ষা হবে।’
জমায়াত আমির নির্বাচনী জনসভায় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিজয়ী হবে এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। অনুষ্ঠান শেষে তিনি ঝালকাঠি-১ আসনের ড. ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিমের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের ঘোষণা তুলে দেন।
সভায় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু, এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেনসহ অন্যান্য নেতারা। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠটি মুখরিত হয়ে ওঠে।
এমএস/