দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত জনসভা বিপুল জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়। চারপাশের সড়ক ও মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গত বছরগুলোতে রাজনৈতিক দল ও শাসকগোষ্ঠী আমাদেরকে দুর্নীতি, চাঁদাবাজি, দলীয় বাণিজ্য ও বিচারহীনতা উপহার দিয়েছে। আমরা সেই বাংলাদেশ বদলে দিয়ে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। ১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে।’
তিনি বলেন, ‘আল্লাহ আমাদের তৌফিক দিলে আমাদের দুই হাতের দশ আঙুল থাকবে পরিচ্ছন্ন। আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। মামলা বাণিজ্য আমরা ঘৃণা করি। কেউ মিথ্যা মামলা দিয়ে কারও ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না। ব্যাংকের টাকা লুটপাট করতে দেওয়া হবে না, শেয়ারবাজার ধ্বংস করতে দেওয়া হবে না। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। বিচার হবে নির্যাতনের ভিত্তিতে, কেউ মামু-খালু দেখিয়ে পার পাবে না। এমনকি প্রধানমন্ত্রী অন্যায় করলে তাকেও ছাড় দেওয়া হবে না।’
সমাজ গঠনের বিষয়ে তিনি বলেন, একটি ভালো সমাজের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং আইনের শাসন ও ন্যায়বিচার অপরিহার্য। তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি ভোট রয়েছে, একটি গণভোট আর একটি সাধারণ নির্বাচন। ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামি। হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ জিতবে, না বিজয়ী হলে বাংলাদেশ হেরে যাবে।’
ডা. শফিকুর রহমান বলেন, যারা অতীতে সততার প্রমাণ দিতে পারেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। যারা জনগণকে সম্মান দিয়েছে এবং যোগ্যতার মাধ্যমে সেই সম্মান ধরে রেখেছে, মানুষ তাদেরই বেছে নেবে। তিনি বলেন, ‘জামায়াত দুর্নীতি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, ব্যাংক ডাকাতি ও ঋণখেলাপির রাজনীতি করে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাদের সুযোগ দেন, আপনাদের দাবি তুলতে হবে না। উন্নয়ন আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমার বাড়ি সারা বাংলাদেশে। যেখানে যা প্রয়োজন, সেখানে পৌঁছে যাওয়া আমার কর্তব্য। শহীদরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি।’
বক্তব্য শেষে পটুয়াখালী-২ বাউফল আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে পটুয়াখালীর চারটি আসনের জোট প্রার্থীদের প্রতীক তুলে দিয়ে তাদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি আবু সাদেক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, বরিশাল মহানগর আমির জহির উদ্দিন বাবর, পটুয়াখালী-১ আসনের প্রার্থী ডা. আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী-৩ আসনের প্রার্থী অধ্যাপক শাহ আলম এবং পটুয়াখালী-৪ আসনের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভাস্থল ও আশপাশের এলাকা বিপুল জনসমাগমে পূর্ণ হয়ে ওঠে। এ সময় বাউফল উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার প্রায় অর্ধলক্ষাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
এমএস/