দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয় এবং তারা জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, জামায়াতের কিছু নেতা মানুষকে বোঝাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, যা সম্পূর্ণ ভুল ও প্রতারণামূলক।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনি সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সবসময় কাজ ও কর্মে বিশ্বাসী, সমালোচনায় নয়।
তিনি বলেন, “আজ একটি দল আপনাদের সামনে এসেছে, আপনাদেরই পরিচিত। তারা আমাদের সঙ্গে ছিল, আমরা একসাথে ছিলাম। এখন তারা আসছে নির্বাচন করবে, সেটা ঠিক। রাজনীতি করবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না, গীবত গাইবেন না, অন্যের সমালোচনা দায়িত্বশীলভাবে করবেন।”
মির্জা ফখরুল আরও বলেন, “জামায়াত ইসলামের নামে প্রতারণা করছে। আমাদের সাধারণ মা-বোনদেরকে বিভ্রান্ত করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান বিশ্বাস করে আল্লাহর ওপর, তার আমল অনুসারে তিনি বেহেশতে পৌঁছাবেন।”
তিনি জামায়াতের আমিরের একটি ভিডিও পোস্টকেও উল্লেখ করে বলেন, “কয়েকদিন ধরে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় মহিলাদের নিয়ে অশ্লীল মন্তব্য প্রকাশ করা হয়েছে। আমাদের মা-বোনদের সম্মান না করলে আমরা বেহেশতে যেতে পারব না।”
ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “৭ দিন পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন পর আপনি সুষ্ঠু ভোট দিতে পারবেন। গত ১৫ বছরে ভোটের অধিকার হরণ করা হয়েছিল, এবার তা হবে না। আমরা আশা করি, আল্লাহ সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করবেন।”
তিনি আরও বলেন, “ঠাকুরগাঁও সদর আসনের দীর্ঘ ১৫ বছরে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এবারের নির্বাচনে আমাকে নির্বাচিত করলে আমি উন্নয়নমূলক কাজ করব। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ জিতলে জেলার উন্নয়ন হবে এবং বেকার সমস্যা সমাধান হবে।”
এমএস/