দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা–১৭ আসনের প্রার্থী এস এম খালিদুজ্জামান ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে প্রবেশের সময় গানম্যান ও অস্ত্র বহন নিয়ে বিধিনিষেধের কারণে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ জানালে তিনি দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। এ সময় তিনি সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে উদ্দেশ করে অপমানজনক মন্তব্য করেন বলেও ভিডিওতে শোনা যায়।
ঘটনার সময় দায়িত্বরত সেনাসদস্যরা তার পরিচয় জানতে চাইলে সঙ্গে থাকা একজন তাকে ওই আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। সেনাসদস্য নিরাপত্তাজনিত বিধিনিষেধের কথা উল্লেখ করে বলেন, ক্যান্টনমেন্টের ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশ করা যায় না। এ নিয়ে খালিদুজ্জামান আপত্তি তোলেন এবং বলেন, নির্বাচন কমিশন থেকে তার জন্য নিরাপত্তার অংশ হিসেবে গানম্যান দেওয়া হয়েছে।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, কিছু কর্মকর্তা ব্যক্তিস্বার্থে সেনাবাহিনী ও সরকারকে বিতর্কিত করছেন। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান বলেও জানান। একপর্যায়ে দায়িত্বরত সেনাসদস্য তাকে ঊর্ধ্বতনের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেন।
আলোচনার একপর্যায়ে সেনাসদস্যরা জানান, ক্যান্টনমেন্টের ভেতরে তিনি নিরাপদ থাকবেন এবং সেখানে কোনো ঝুঁকি হলে কর্তৃপক্ষ দায় নেবে, তবে নিয়ম অনুযায়ী অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ করা যাবে না। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আরও কথোপকথন হয়।
পরে পরিস্থিতি জটিল হলে খালিদুজ্জামান তার গাড়ি ঘুরিয়ে ক্যান্টনমেন্ট এলাকা ত্যাগ করেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএস/