দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব সমস্যা সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার অভিজ্ঞতা কেবল বিএনপির আছে। দেশের সমস্যা সমাধান করতে হলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো দেশ এগোতে পারে না। সে কারণেই আমরা ফ্যামিলি কার্ড চালুর কথা বলছি।’ তিনি দাবি করেন, ‘আমি-ডামি ও নিশিরাতের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
এর আগে বিকেল ৪টার পর তারেক রহমান জনসভার মঞ্চে ওঠেন। এতে জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানকে কাছ থেকে দেখার জন্য তারা আগেভাগেই মাঠে উপস্থিত হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশে তারেক রহমানের গাড়িবহর রওনা হয়।
এ কর্মসূচি উপলক্ষে সোমবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার এই সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
সফর শেষে ঢাকা ফেরার পথে তারেক রহমান আরও দুটি সমাবেশে অংশ নেবেন। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে তার সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
এমএস/