দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটের মাঠে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা হচ্ছে এমন তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিকেল ৩টায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত ওই বৈঠকে জামায়াতের পক্ষে অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
বৈঠক শেষে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর বা এনআইডি সংগ্রহের বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কথা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রচারণা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে।
নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
জে আই