দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ।
শনিবার (২৪ জানুয়ারি) মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচি পালন করছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের সিনিয়র নেতারা সেখানে উপস্থিত থেকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ উপলক্ষে কুরআন খতমের আয়োজন করা হয়।
এ ছাড়া বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। দুই দিন পর তার মরদেহ দেশে এনে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
এক-এগারোর সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাসা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি এবং মৃত্যুর আগ পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করেন।
ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত আরাফাত রহমান কোকো বাংলাদেশ ফুটবলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার অকাল মৃত্যু বিএনপি ও দেশের ক্রীড়াঙ্গনে শোকের আবহ সৃষ্টি করে।
জে আই