দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ব্যর্থতা হিসেবে স্বীকার করে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনস প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মঞ্জু বলেন, জনমানুষের প্রত্যাশা পূরণে এবি পার্টি ব্যর্থ হয়েছে। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনি রাজনীতির বাস্তবতায় আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই।
এ সময় তিনি উপস্থিতিদের কাছে জানতে চান, তারা তার ক্ষমা গ্রহণ করেছেন কি না। জবাবে তাদের পক্ষ থেকে সমস্বরে ‘না’ ধ্বনি ওঠে। এ প্রতিক্রিয়ায় মঞ্জু বলেন, যখন কেউ ক্ষমা চায়, তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করার প্রবণতা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে।
জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছোট রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনি বাস্তবতা অত্যন্ত কঠিন।
এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না করলে ছোট দলগুলোর টিকে থাকা কঠিন। তবু এই সিদ্ধান্তের দায়ের অন্তত ৬০ শতাংশ আমরা নিজেরাই নিচ্ছি। সাধারণ জনগণকে আমরা দায়ী করছি না, বলেন তিনি।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টি অনানুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিলে শরিক দলের সংখ্যা দাঁড়ায় ১১টিতে। আসন্ন জাতীয় নির্বাচনে মজিবুর রহমান মঞ্জু ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ইতোমধ্যে এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
আরএ