দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, বৈঠকে তারেক রহমানকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। তবে চেয়ারম্যান পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুএক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। তবে এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং চেয়ারম্যান পদবিও আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এ কারণে নির্বাচনী প্রচারে ব্যানার ও ফেস্টুনে কার ছবি ব্যবহার করা যাবে, সে বিষয়টিও স্পষ্ট নয়।
বিএনপির মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে তিনি তৃণমূল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে চান।
এদিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট ও ফেস্টুনে ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর থেকেই তার নেতৃত্বে দল পরিচালিত হয়ে আসছে। চলতি বছরের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে বিএনপির চেয়ারম্যান পদ আনুষ্ঠানিকভাবে শূন্য হয়।
এমএস/