দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শির্লি বোচাওয়ে।
বুধবার (৭ জানুয়ারি) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি এই শোকবার্তা প্রেরণ করেন।
শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, গভীর দুঃখের সঙ্গে আমি জানতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারবর্গের প্রতি এবং রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক বিরাট ব্যক্তিত্ব ও পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন।
শির্লি বোচাওয়ে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে খালেদা জিয়াকে বহু বাধা অতিক্রম করতে হয়েছে। তিন দফায় তার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারের প্রতিফলন।
কমনওয়েলথ মহাসচিব আরও বলেন, খালেদা জিয়ার অবদান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত। দক্ষিণ এশিয়া ও সমগ্র কমনওয়েলথজুড়ে নারী নেতৃত্বের বিকাশে তিনি একজন অনুপ্রেরণার প্রতীক হিসেবে কাজ করেছেন।
শোকবার্তার শেষাংশে কমনওয়েলথ মহাসচিব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, অনুগ্রহ করে তার মৃত্যুতে আমার গভীর সমবেদনা এবং আমার সর্বোচ্চ সম্মান গ্রহণ করুন।
জে আই