দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এনসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে এই নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন। পরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বক্তব্যে বিপ্লব ত্রিপুরা বলেন, তারা শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তিনি বলেন, তারা আশা করেছিলেন এনসিপি সাধারণ মানুষের পক্ষে রাজনীতি করবে, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি মুক্তিযুদ্ধবিরোধী একটি রাজনৈতিক শক্তির সঙ্গে অবস্থান নেওয়ায় তারা হতাশ হয়েছেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দলের সঙ্গে পথচলা অব্যাহত রাখতে তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন এবং নতুন রাজনৈতিক যাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি গণতন্ত্র ও দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। নতুন নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/