দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার নির্বাচনী ব্যয়ের একমাত্র উৎস সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত গণ–অনুদান বা ‘ক্রাউড ফান্ডিং’।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, জনসাধারণের কাছ থেকে সংগৃহীত অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা, যা তিনি নির্বাচনী ব্যয়ে ব্যবহার করবেন।
হলফনামা অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসক হিসেবে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশ থেকে তার আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা। সব মিলিয়ে তার বার্ষিক মোট আয় প্রায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। তিনি সর্বশেষ অর্থবছরে আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
একই হলফনামায় তার স্বামী খালেদ সাইফুল্লাহর বিদেশি আয়ের তথ্যও উল্লেখ রয়েছে। উদ্যোক্তা ও গবেষক খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড, যা প্রায় ৬৫ লাখ টাকার সমান।
তাসনিম জারার ঘোষিত মোট সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ১৬ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা হিসেবে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড, ব্যাংক হিসাবে জমা ১০ হাজার ১৯ টাকা এবং প্রায় আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার।
হলফনামায় আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট বা জমির মালিক নন।
৩১ বছর বয়সী তাসনিম জারা পেশাগতভাবে একজন চিকিৎসক। পাশাপাশি তিনি শিক্ষকতা ও উদ্যোক্তার সঙ্গেও যুক্ত। তার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪ সালে। তিনি এমএসসি ডিগ্রিধারী। তার পৈতৃক নিবাস ঢাকার খিলগাঁওয়ের চৌধুরীপাড়ায়।
উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে মতবিরোধের জেরে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
এবি/