দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এসব প্রতিবেদনে তার ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থানের কথাও উঠে আসছে। এরই মধ্যে আলোচনায় এসেছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে তার একটি সরাসরি বক্তব্যের ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হলেও ভারত সফরে গিয়েছিলেন মাত্র দুইবার। এর মধ্যে ১৯৯২ সালে তিনি নয়াদিল্লি সফরে যান। ওই সফরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে তার বৈঠক হয়।
ইন্ডিয়া টুডে পুনম পান্ডের লেখা ‘ইন্ডিয়া বাংলাদেশ ডমেস্টিক পলিটিক্স’ বইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, বৈঠকের সময় নরসিমা রাও অভিযোগ করেন যে বহু বাংলাদেশি ভারতে অবৈধভাবে বসবাস করছে। তখন খালেদা জিয়া সরাসরি জবাব দিয়ে বলেন, ‘ভারতে বাঙালিরাও বাংলা বোঝে এবং বাংলায় কথা বলে—এর অর্থ এই নয় যে তারা বাংলাদেশি।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার জন্ম ভারতের জলপাইগুড়িতে, যা সে সময় অবিভক্ত ভারতের অংশ ছিল। ছোটবেলায় তাকে ‘পুতুল’ নামে ডাকা হতো। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ের পর তার নামের সঙ্গে ‘জিয়া’ যুক্ত হয়।
বিএনপির প্রেস উইং সূত্রে জানা গেছে, ১৯৪৬ সালের ১৫ আগস্ট জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় খালেদা জিয়ার জন্ম। জন্মের সময় তার নাম রাখা হয় ‘শান্তি’। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ‘পুতুল’ নামে ডাকতেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। তাদের আদি বাড়ি ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে।
পরবর্তী সময়ে পরিবারটি দিনাজপুরে বসবাস শুরু করে। খালেদা জিয়া দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। কলেজে অধ্যয়নকালে তিনি তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এমএস/