দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনে অংশ নিতে বিএনপি যে শর্ত দিয়েছে তা সংবিধান বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাদের বলেন, নির্বাচনে অংশ নিতে বিএনপি যে শর্ত দিয়েছে তা সংবিধানের বাইরে, সংবিধানবিরোধী। তত্ত্বাবধায়ক সরকার কিংবা দলটির এক দফা নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি অশান্তির পথে হাঁটছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে, মির্জা ফখরুলের বক্তব্য তা আরও স্পষ্ট হয়েছে। তারা শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে। তারা সন্ত্রাস করবে, সন্ত্রাস করে নির্বাচন পণ্ড করবে, নির্বাচন ভণ্ডুল করবে- এ লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের দফা একটাই- সংবিধান অনুযায়ী শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বিএনপির দাবি অদ্ভুত, উদ্ভট ও অযৌক্তিক।
তিনি বলেন, বিএনপি জেতার গ্যারান্টি না পেলে নির্বাচনে আসবে না।
সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎকালে দেশের আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব, বিরোধী দলের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ব্রিটিশ হাইকমিশনার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণমূলক করার কথা বলেছেন।
তিনি বলেন, হাইকমিশনারের কাছে জানতে চেয়েছি নির্বাচনের সময় আপনাদের প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেন এবং হাউজ অব কমন্স কি বিলুপ্ত হয় সেটা বলেছি। আমেরিকানদের যা বলেছি, ইউরোপীয় ইউনিয়নকে যা বলেছি, ব্রিটিশ হাইকমিশনারকেও তাই বলেছি। আমাদের বক্তব্য অভিন্ন। যেভাবে ইলেকশন হবে, তা নিয়ে কথা বলেছি।