দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার সকালে ধোবাউড়া উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো কনফারেন্স হলে তাদের যোগদান উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
যোগদানকারীদের মধ্যে ছিলেন– শহীদ শাহজাহানের মা সাজেদা বেগম, শহীদ সোহেল মিয়ার বাবা আবদুল হাকিম, শহীদ মাজেদুল ইসলামের বাবা আবদুল মান্নান ও ভাই জালাল উদ্দিন, এবং শহীদ মাওলানা সাদেকুর রহমানের ভাই হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন। তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ২০ টাকা চাঁদা দিয়ে দলের সদস্যপদ গ্রহণ করেন। পরে বিএনপি নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ পরিবারের সদস্যদের যোগদান গণতান্ত্রিক অভিযাত্রার জন্য প্রেরণাদায়ক। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ, এবং শহীদের রক্তের ত্যাগকে সম্মান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে দলটি।
তিনি আরও বলেন, ধোবাউড়ার শহীদ পরিবারের সদস্যরা শুধু একটি দলে যোগ দেননি, তারা শহীদদের অপূর্ণ স্বপ্ন পূরণের জাতীয় অভিযাত্রায় যুক্ত হয়েছেন। তার দাবি, আওয়ামী শাসকগোষ্ঠীর দমননীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের আন্দোলনেই গণঅভ্যুত্থান ঘটেছে, এবং এখন বিএনপি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে প্রস্তুত।
শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তাকে মনোনয়ন দিয়ে বিএনপি হালুয়াঘাট ও ধোবাউড়ার জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রিন্সের নেতৃত্বেই এলাকার উন্নয়ন সম্ভব হবে এবং বিএনপি গণঅভ্যুত্থানের চেতনা পূরণ করতে পারবে।
অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমএস/