দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সব চক্রান্ত জনগণ ব্যর্থ করেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের সুখ-দুঃখে পাশে থাকে। কিন্তু কিছু কুচক্রী মহল দেশের ঐতিহ্যবাহী সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। জনগণ সচেতন, তারা এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না।’
রোববার (১৯ আগস্ট) বরিশাল মহানগরীর কাউনিয়ায় হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম দীপাবলি উৎসবে অংশগ্রহণ করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। উৎসবটি হাজারো ভক্তের অংশগ্রহণে সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
রহমাতুল্লাহ আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়েছিল। তবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মী ও দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে। প্রতিটি মন্দিরে পাহারার মাধ্যমে উৎসবের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জনগণই অপকৌশলকারীদের ষড়যন্ত্র ব্যর্থ করেছে।’
তিনি বলেছেন, ‘এখনো কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে। যারা এসব অপকর্মে জড়িত, তারা শুধু একটি ধর্মের নয় — পুরো জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু। বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।’
রহমাতুল্লাহ বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও মর্যাদায় বসবাস করবে। আমাদের লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ।’
উৎসবে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রহমাতুল্লাহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্দির প্রাঙ্গণে আলো প্রজ্জ্বলন করেন এবং শান্তি, সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানান।
এমএস/