দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী নির্বাচন সংবিধান অনুসারে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) ভবনে সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টন। সেখানেই এ কথা বলেছেন তিনি।
সালমান এফ রহমান বলেন, দেশের উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বেআইনি ঘোষণা করেছেন। সে অনুসারে পরে সংবিধান সংশোধন করা হয়েছে। ফলে, এ বিষয়ে বিরোধী দলের সঙ্গে কোনো সংলাপের সুযোগ নেই। বিএনপি যদি সংবিধান মেনে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলেই কেবল সংলাপ হতে পারে।
সরকারের এ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধিদল দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং বিরোধী দলের সঙ্গে সংলাপ করার জন্য বলেছে। জবাবে আমি তাদের জানিয়েছি, দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। বিগত সময়ে দেশে অনেকগুলো উপনির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ থেকে প্রমাণিত হয়ে গেছে, আমাদের নির্বাচন কমিশন স্বাধীন। সুন্দরভাবে কাজ করেছে তারা।
বিরোধী দলের সঙ্গে সংলাপের বিষয়ে সালমান বলেন, যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে বলেছি যে আমরা সংলাপ করতে সব সময় রাজি আছি। তবে আগে বিরোধী দলকে সংবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে হবে।
তিনি বলেন, বৈঠকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টন জানিয়েছেন, অর্থনীতির বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে চায় যুক্তরাজ্য।
নির্বাচন ও বাণিজ্য বিষয় ছাড়াও বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা হয়েছে বলেও জানান সালমান এফ রহমান।
যুক্তরাজ্যের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া অঞ্চলের উপ–ট্রেড কমিশনার আনা শটবোল্ট, বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক পরিচালক ড্যান পাশা ও বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপপরিচালক খালিদ গাফফার।