দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতিতে বিএনপি শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে বিএনপি নেতাদের নেতিবাচক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি আজ রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে। বিএনপি নেতাদের এ ধরনের বক্তব্য বাস্তবতা বিবর্জিত।
আ.লীগের এ শীর্ষ নেতা বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার পালন করছে। বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয়-স্বজনের সাথে ঈদ উৎসব পালন করতে শহর ছেড়ে গ্রামে গিয়েছে। পরিস্থিতি অনুকূল ও স্বস্তিদায়ক হওয়ায় পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কোনো প্রকার দুর্ভোগ-দুর্যোগ ছাড়া আনন্দ সাধারণ মানুষের ঈদ পালনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ। দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক সেটা তারা চায় না।
তিনি বলেন, জনগণ কষ্টে থাকুক আর তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই বিএনপি নেতাদের বাসনা। বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতোটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর অনেক দেশে খাদ্যমূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সেই সব দেশের বাজারে খাদ্যব্রক রেশনিং করা হচ্ছে। বর্তমান সরকার দেশের জনগণের কাছে খাদ্য সরবরাহ স্থিতাবস্থা এবং খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি বিতরণ করছে।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা সাজানো ও সম্পূর্ণ মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে তারা বিদেশী প্রভুদের কাছে তথাকথিত জুলুম-অত্যাচারের কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে। বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির ধ্বংসাত্মক এ মিথ্যাচারের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। আগামীতেও দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল দেশবিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিরোধ করবে।